আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় আজ আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া সাপ্তাহিক বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। রোজার প্রস্তুতিতে অনেকেই একদিনেই ইফতার ও সেহরির বাজার করতে আসায় বাজারজুড়ে মানুষের ঢল নামে। বিশেষ করে কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। চাহিদা বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কয়েক দিনের ব্যবধানে বেড়েছে। শসা ১২০ টাকা, বেগুন ও টমেটো ৬০ টাকা, লেবু ৬০–১২০ টাকা হালি, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুদি পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বেশি এবং চাহিদা বৃদ্ধির কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। ক্রেতারা প্রশাসনের বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, কয়েক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে।










