বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবন–এর শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।শপথ গ্রহণ শেষে সকাল সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভাকক্ষে তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিএনপি’র সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।শপথ অনুষ্ঠানে দেশি–বিদেশি অতিথিরা অংশ নেন।এদিকে বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।










