একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় একাত্তরের মুক্তিযোদ্ধা মিলনমেলা–২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শহরের শহীদ হাসান চত্বর (মুক্তমঞ্চ)-এ এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের স্মৃতি স্মরণ করেন এবং স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আবেছ উদ্দিন বলেন,
মুক্তিযোদ্ধারা কোনো বিশেষ সুবিধা ভোগের জন্য যুদ্ধ করেননি, তারা যুদ্ধ করেছিলেন একটি স্বাধীন ও মর্যাদাশীল রাষ্ট্র গঠনের জন্য। অথচ স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধাদের ন্যায্য সম্মান ও জীবনমান নিশ্চিত হয়নি।
মুক্তিযোদ্ধাদের ভাতা সামান্য বাড়লেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া দুঃখজনক এবং লজ্জাজনক। এটি শুধু অর্থনৈতিক অব্যবস্থাপনা নয়, বরং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়নের শামিল।
যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের অধিকাংশই আজ চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকার ঘোষিত চিকিৎসা সহায়তা বাস্তবে কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা বাড়ানো, সম্মানজনক ভাতা নিশ্চিত করা, সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত এবং গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য বিদেশে চিকিৎসার সুযোগ সৃষ্টির দাবি জানান।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, মুক্তিযোদ্ধারা কারও করুণা চায় না—তারা চায় রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবেছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. খাজা আবুল হাসনাত। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।










