চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি অমান্য করে নির্ধারিত সময়ের আগেই প্রচার মাইক বের করায় মো. হাসান নামে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সোয়া দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাচনী আইন অনুযায়ী দুপুর ২টার আগে নির্বাচনী প্রচারণার মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও, অভিযুক্ত হাসান পিটিআই মোড় এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচার মাইক বের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। জনসমক্ষে নির্ধারিত সময়ের আগে প্রচারণার সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ২৭(২) ধারা লঙ্ঘনের দায়ে খেজুরতলা এলাকার মো. হাতেমের পুত্র মো. হাসানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।









