আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযানে চার প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মোঃ মাহফুজ রানা এবং আইনশৃঙ্খলা রক্ষায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
অভিযানকালে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিসের পাশের আলিফ অয়েল মিল–এ বিএসটিআই অনুমোদন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মডার্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আলমডাঙ্গা হাই রোডের মজিদের হোটেল–এ ব্যবহৃত পানির মান অপরিষ্কার ও স্বাস্থ্যসম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাশের একটি প্লেনশিটের দোকানে দীর্ঘদিন ট্রেড লাইসেন্স না থাকায় আরও ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সব মিলিয়ে অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন,
“এ ধরনের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আজ আলমডাঙ্গা শহরের কয়েকটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আইন মেনে সঠিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রি করার পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও মানদণ্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন নিয়মিত অভিযানে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031