চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ (তের) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকার পুরাতন সরকারি খাদ্যগুদামের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সনাতনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবলু মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা ওরফে রাব্বি (২০)। তিনি বর্তমানে মাদ্রাসাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এছাড়া রথতলা গ্রামের বাসিন্দা মোঃ সোলাইমান হোসেনের ছেলে মোঃ নাহিদ হাসান (২১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।










