ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের সাথে প্রশাসনের বৈঠক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. সালমান হক, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসন থেকে উপস্থিত ছিলেন মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন) ও মোল্লা মো. ফারুক এহসান (এনসিপি)। চুয়াডাঙ্গা-২ আসন থেকে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান খান বাবু (বিএনপি), মো. রুহুল আমিন (জামায়াত), মো. হাসানুজ্জামান ও মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং মো. আলমগীর হোসেন (এবি পার্টি)।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের স্পষ্টভাবে অবহিত করা হয়েছে এবং তাদের অনুসারীদেরও আচরণবিধি মেনে চলতে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। দেশের জন্য, জাতির জন্য এবং বিশ্ববাসীর কাছে একটি ভালো নির্বাচন উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্তরা সবাই নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031