চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী সড়কে একটি ট্রাকের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম এলমা খাতুন চাঁদনি (৬)। সে আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে।জানা যায়, এলমা খাতুন অসুস্থ দাদীকে দেখতে ইজিবাইক যোগে পরিবারের সদস্যদের সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দিকে আসছিল। পথিমধ্যে বোয়ালমারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশু এলমা ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন জানান, “আলমডাঙ্গা থেকে আমরা ব্যাটারিচালিত ইজিবাইক যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিলাম। বোয়ালমারী নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় এলমা ছিটকে পড়ে যায়। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” এই দুর্ঘটনায় চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার জ্যোতি খাতুন (২৫) নামের এক নারী আহত হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাসিমুজ্জামান বলেন, “বিকেলে সড়ক দুর্ঘটনার শিকার দুইজনকে হাসপাতালে আনা হয়। একজনকে আমরা মৃত অবস্থায় পাই। তার লাশটি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।”
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, “আমরা জানতে পেরেছি চুয়াডাঙ্গার বোয়ালমারী সড়কে ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031