কালিহাতীতে ছায়ানীড়ের বাংলা কর্মশালা ও পাঠাগার উদ্বোধন

শুভ্র মজুমদার : শুদ্ধ উচ্চারণে, শুদ্ধ বানানে বাংলা হোক সবার অনুশীলন এই লক্ষ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা ভাষা বিষয়ক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মনসুরুল আলম হীরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও শুদ্ধ উচ্চারণের চর্চা মানুষকে শুধু জ্ঞানী নয়, শিকড়সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অব.) মো. শাহীনুর ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ্ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহুরুল হক সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক এবং সাবেক সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান বলেন, আমাদের এই কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ বানানের চর্চা বাড়ানো, যাতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে সঠিকভাবে ব্যবহার করতে পারে। পাশাপাশি মুক্ত পাঠাগার শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলবে। দিনব্যাপী এ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031