ফুলবাড়িতে ঋণের চাপে আত্মহত্যা করলেন মুক্তিযোদ্ধা

রুহুল আমিন রুকু : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযো্দ্ধা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ঋণের বোঝা ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রবিবার ভোরে পরিবারের অজান্তে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতরে বাঁশের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” স্থানীয়দের মতে, বীর মুক্তিযোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যু গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর