
মোঃ আব্দুর রহমান হেলাল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ বলেছেন, জনগণের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপি’র জেলা সমন্বয় সভায় তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের কল্যাণে নিবেদিত একটি রাজনৈতিক সংগঠন। আমরা আদর্শ, ঐক্য ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি—যেখানে জনগণই হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু।” তিনি আরও বলেন, রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। আদর্শচেতনায় গড়ে উঠা নতুন প্রজন্মই পারে দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে।” সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল; ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা–গবেষণা সম্পাদক; আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক; এবং মেসবাহ কামাল, যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি। সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল); রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য; ও আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য, এনসিপি।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. মেহেদী হাসান শরীফ।
বক্তারা বলেন, এনসিপি রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যম হিসেবে দেখে।
তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও তৃণমূলভিত্তিক করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জনগণ ও সংগঠনের কল্যাণ কামনা করা হয়।









