
ময়মনসিংহ, ২৫ অক্টোবর ২০২৫ – ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহীদ পরিবারের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। নিহত ইয়াসিন মিয়া (২৮) শহীদ সোহেল রানার খালাতো ভাই এবং হারুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে মাছ ধরার সময় শহীদ সোহেল রানার ভাই রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে ইয়াসিনের মৃত্যু হয়।
গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, “জমি বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহীদ সোহেল রানার খালাতো ভাই নিহত হয়েছেন এবং পরিবারের কয়েকজন আহত হয়েছেন।”
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









