ময়মনসিংহে জমি বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আবুল কালাম আজাদ:  ময়মনসিংহ নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩০)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে নগরীর শম্ভূগঞ্জ রেলস্টেশন এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই সুমন চুন্নুর মাথায় কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চুন্নুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান খালিদ বলেন, “ঘটনার পরপরই পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। মৃত্যুর খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সুমন ও তার স্ত্রী মিলে চুন্নুকে পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।” ওসি আরও জানান, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031