ময়মনসিংহে যুবলীগ কর্মীসহ তিনজন গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আলোচিত মামলা নং-২৪ (তারিখ ০১/০৪/২০২৫, ধারা ৩৬৪/৩৮৬/৪১১ পেনাল কোড) সংক্রান্ত ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনজন দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম সোহান নুরুদ্দিন আকন্দ (৩৪), সাবেক যুবলীগ কর্মী, যিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুর ছত্রছায়ায় রাজনীতি করতেন। বাকি দুইজন হলেন মোঃ শফিক (৩৬) ও মোঃ রাহাত হাসান (৩৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে নগরীর নাদিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেট সংলগ্ন ভুইয়া বাড়ির মাঠ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়।

মামলার এজাহারে জানা যায়, বাদী ও তাঁর প্রতিবেশী ভাই আঃ খালিককে কেন্দ্রীয় কারাগারে আটক আত্মীয় রুবেলের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আসামিরা আটক করে মারধর করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকার করলে তাদের লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে প্রাণভয়ে ১ লাখ টাকা বিকাশে দিতে বাধ্য হন।

ডিবি পুলিশ জানায়, নুরুদ্দিনের কাছ থেকে নগদ ৩৯,৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নুরুদ্দিন আকন্দের বিরুদ্ধে ১৬টি মামলা, শফিকের বিরুদ্ধে ৫টি মামলা, এবং রাহাত হাসানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে আসামিদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। মামলাটি এখনও তদন্তাধীন।

সর্বশেষ খবর