কালিহাতীতে দুর্গাপূজায় শান্তিপূর্ণ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ও কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। জানা গেছে, এবার উপজেলায় মোট ১৬৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই মিলে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক। পূজা উপলক্ষে কেউ বাড়িঘর খালি রাখবেন না। অপরাধীরা সুযোগ নিতে পারে। কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, কালিহাতীতে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আমরা চাই এ সম্প্রীতি আরও দৃঢ় হোক। পূজার সময়ে কোনো অঘটন এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের টহল ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষকেও সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। তাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031