
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন রহিমুদ্দিন (৭৩)।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শোলাগাড়ী নাকম এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রহিমুদ্দিন একই এলাকার মৃত জহদ্দির পুত্র। হঠাৎ এ ঘটনার পর থেকে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ জানান, “আমরা দু’জনই নদীতে জাল (ঝাইট) দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ রহিমুদ্দিনের জালের টনি ভেঙে আটকে যায়। তিনি জাল উদ্ধারের জন্য পানিতে নামেন, কিন্তু আর ওপরে উঠতে পারেননি। আমি উদ্ধারের চেষ্টা করলেও সফল হইনি।”
খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্টেশনের ইনচার্জ আখতারুজ্জামান সওদাগর জানান, “রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়দের দেখানো স্থানে দুইজন ডুবুরি নদীতে তল্লাশি চালাচ্ছেন।”
এ ঘটনায় স্থানীয়রা নদী তীর ঘেঁষে ভিড় জমিয়েছে এবং নিখোঁজ রহিমুদ্দিনের সন্ধানে উদ্বেগ প্রকাশ করেছে।










