চবিতে যুক্ত হচ্ছে ‘হোস্টেল সংসদ’ নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে যুক্ত হলো নতুন অধ্যায়—হোস্টেল সংসদ নির্বাচন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি জানান, বিদ্যমান ১৪টি হল সংসদের পাশাপাশি এবার আরও একটি নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিসির অনুমোদনে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নগরীর মেহেদীবাগে অবস্থিত ‘শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল’-এ এই সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে হোস্টেলটি প্রায় ২২ কিলোমিটার দূরে।

হোস্টেল সংসদে মোট ১২টি পদ থাকবে, এর মধ্যে সরাসরি ভোটে নির্বাচন হবে ১০টিতে। পদগুলো হলো— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা-ক্রিয়া ও ক্যান্টিন সম্পাদক, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, দফতর সম্পাদক, স্বাস্থ্য-আবাসন-যোগাযোগ সম্পাদক এবং সমাজসেবা-পরিবেশ-মানবাধিকার সম্পাদক। নির্বাহী সদস্য পদ থাকবে আরও দুটি।

এদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। দুই দিনে ১৬৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম নিয়েছেন ৯৭ জন, ছাত্র হল সংসদের জন্য ২৬ জন এবং ছাত্রী হল সংসদের জন্য ৪৬ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ইতোমধ্যে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসু ও সংশ্লিষ্ট সংসদগুলোর ভোটগ্রহণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031