আলমডাঙ্গায় পাখিভ্যান থেকে পড়ে মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু

আলমডাঙ্গায় চলন্ত ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে হান্নান হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানার প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শুক্রবার দিবাগত রাতের বেলায় তিনি আলমডাঙ্গা মাইক্রো স্ট্যান্ড থেকে নেশাপগ্রস্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত পাখিভ্যানে করে উপজেলা পরিষদ গেইটের উদ্দেশ্যে রওনা হন। পথে আলমডাঙ্গা থানা ভবনের সামনে পৌঁছালে গাড়িটি সড়কের বিটে উঠলে চলন্ত ভ্যান থেকে হঠাৎ ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফাতেমা ক্লিনিকে নেবার পথেই তার মৃত্যু হয়। নিহত হান্নানের পরিবার জানিয়েছে, তিনি মাদকাসক্তির কারণে অনেক দিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবারের চেষ্টার পরও তিনি মাদকের কবল থেকে বের হতে পারেননি। ঘটনার দিনও তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছে পরিবার ও পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, “নিহত ব্যক্তি একজন পরিচিত মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ভ্যান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রশাসনের নিয়মিত অভিযানের পরও মাদকবিরোধী কার্যক্রমে আরও জোরদার পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031