কুসুম্বা ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন জমি পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

মোঃ আবু সুফিয়ান মুক্তার,
জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের সদ্য ক্রয়কৃত ১৬ শতাংশ জমি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জমিটি ভবিষ্যতে একটি বহুমুখী সমাজকল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

এই জমি পরিদর্শনে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তার সঙ্গে ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মোঃ ওমর ফারুক সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এক বক্তব্যে বলেন,
ইসলামী সমাজকল্যাণ পরিষদের এ উদ্যোগ কুসুম্বা ইউনিয়নের জন্য একটি আশার আলো। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগণের কল্যাণে এই জায়গাটিকে কেন্দ্র করে একটি আদর্শ সমাজ নির্মাণের কার্যক্রম হাতে নেয়া হবে।

ইসলামী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সদ্য ক্রয়কৃত এই জমির ওপর নির্মিত হবে কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি স্থায়ী কার্যালয়। একই সঙ্গে থাকবে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ইসলামিক পাঠাগার, দরিদ্র ও রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সহায়তা কেন্দ্র,হিফজুল কুরআন মাদরাসা, নারী প্রশিক্ষণ কেন্দ্র, শিশুদের ধর্মীয় শিক্ষা কেন্দ্র এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উপযোগী স্থাপনা।

নেতৃবৃন্দ জানান, স্থানীয় জনসম্পৃক্ততা এবং ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে এই জমিকে একটি সামাজিক নবযাত্রার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইসলামি আদর্শে গড়ে তোলা সমাজব্যবস্থায় ন্যায়বিচার, সহমর্মিতা ও সেবার সংস্কৃতি থাকবে। সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ও উপকার নিশ্চিত করতে এই প্রকল্প হবে উন্মুক্ত, স্বচ্ছ ও জনমুখী।

উল্লেখ্য, ইসলামী সমাজকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে জয়পুরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে বিগত কয়েক দশক ধরে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ফুড প্যাকেট বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ইত্যাদির মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে।

নেতৃবৃন্দ আরও জানান, এই প্রকল্পকে ঘিরে ভবিষ্যতে আরও জমি ক্রয়, স্থাপনা সম্প্রসারণ এবং যুব ও নারীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তহবিল সংগ্রহ, স্থানীয় স্বেচ্ছাসেবক গঠন ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়নাধীন রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে কুসুম্বা ইউনিয়নের সমাজকল্যাণ কার্যক্রমে একটি নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031