পাঁচবিবিতে স্কুলছাত্রকে বেধড়ক মারধর, ১৫ দিনেও মিলেনি বিচার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ায় গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে শিক্ষার্থীর পরিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আনিছুর রহমান ও তার ছেলে সিয়াম হোসেন লাঠি হাতে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে প্রবেশ করে ছাত্র একরামুল হোসেনকে টেনে বারান্দায় নিয়ে যান এবং সেখানে বেধড়ক মারধর করেন। পরে শিক্ষকদের সহায়তায় একরামুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী ছাত্রের পিতা আলীফ হোসেন বলেন, “প্রায় ১৫ দিন হয়ে গেলেও এখনো আমার ছেলের কোনো বিচার পাইনি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” অভিযুক্ত আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031