সড়ক অবরোধ করে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ মিছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির সাবেক পদবঞ্চিত নেতারা। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির সাবেক পদবঞ্চিত নেতারা। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মজমপুর গিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম উল হাসান অপু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ উপজেলা থেকে আগত নেতারা।

পদবঞ্চিত নেতারা বলেন, ‘যে সমস্ত নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের নিয়ে কমিটি দেয়া হয়েছে। এর পাশাপাশি আজকে যাদের নামে ২০ /২৫টি করে মামলা, যারা রাজপথে ছিলেন, যারা জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে, যারা রাজপথে গরম করেছেন, তাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। তারই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি।’

তারা আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আপনি এই বিষয়টি দেখবেন। অতি দ্রুত ওই কমিটি বাতিল করে, যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছেন তাদের সমন্বয় করে নতুন কমিটি দেয়া হোক। যতদিন এই কমিটি না দেয়া হবে আমরা ততদিন রাজপথে থাকবো। প্রয়োজন হলে এ আন্দোলনকে বেগবান করে কুষ্টিয়া শহর অচল করে দেয়া হবে।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031