
মশাল মিছিল ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, মহাসড়কে যান চলাচল ব্যাহত
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুমান মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর থেকেই মধুমতি সেতু এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি সেতু এলাকায় পৌঁছালে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুতে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেতু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।