
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মো. সামছুল ভান্ডারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। থানার পিএসআই নাজমুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের স্কুলপাড়ায় সামছুল ভান্ডারীর বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির বারান্দা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামছুল ভান্ডারী খাদিমপুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ২৮ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে আদালতে সোপর্দ করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।