
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত বিজিবির নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাঁকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।
ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায়। এ ছাড়া তাঁর ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।