
দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করার লক্ষ্য, অগ্রাধিকার পাচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ পাঁচটি করিডর
দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে আগামী পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা, যাতায়াতের সময় কমানো এবং যানজট নিরসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রণীত কর্মপরিকল্পনায় ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে রাজধানীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।
এদিকে জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের ক্ষয়ক্ষতি কমাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং এক বছরের মধ্যে সারা দেশে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে। যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগও রয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপক কারিগরি মূল্যায়ন প্রয়োজন। কোথায় নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ এবং সংযোগ সড়ক তৈরি করা প্রয়োজন, তা চিহ্নিত করতে হবে।
পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান মনে করেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে বড় অবকাঠামো নির্মাণের আগে আগামী ২০ থেকে ৩০ বছরের পরিবহন চাহিদা বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাঁর মতে, শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ করলেই যানজট নিরসন সম্ভব নয়; গণপরিবহন, পণ্য পরিবহন ব্যবস্থাপনা, পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সংযোগ সড়কের উন্নয়নও জরুরি।
পরিকল্পনাটি বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সরকারের ২০২৬-২০৩১ মেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগের সময় ও পণ্য পরিবহনের ব্যয় কমার পাশাপাশি শিল্প-বাণিজ্যের সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে।