
বিগত স্বৈরাচারী শাসনামলে ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে জনগণের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। এর ফলে দেশের অর্থনীতির প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে ওঠে এবং অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে নিমজ্জিত হয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সম্মেলনটির আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার এবং করপোরেট গভর্ন্যান্সের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। সুশাসনের অভাবে দেশের অর্থনীতিকে চরম মূল্য দিতে হয়েছে।
২৮ লাখ কোটি টাকা পাচারের প্রাক্কলন
অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালে প্রকাশিত দেশের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রের প্রাক্কলন অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
খেলাপি ঋণ ৬ লাখ ৭ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরও স্বচ্ছ ঋণ শ্রেণিকরণ পদ্ধতি প্রয়োগের ফলে আগে কৃত্রিমভাবে আড়াল করে রাখা দুর্দশাগ্রস্ত সম্পদের প্রকৃত চিত্র সামনে আসছে। সংকটের প্রকৃত গভীরতা স্বীকার না করলে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। স্বচ্ছতা সাময়িকভাবে বেদনাদায়ক হলেও টেকসই সমাধানের জন্য তা অপরিহার্য।
অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপ
ধ্বংসপ্রায় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অর্থ পাচার প্রতিরোধে ব্যবস্থা জোরদার, ব্যাংকিং খাতে জালিয়াতি রোধে আইনি সুরক্ষা বৃদ্ধি, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণের বিশাল বোঝা কমাতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো ধরনের আপস ছাড়াই টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর আহ্বান
সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল সামষ্টিক-আর্থিক প্রেক্ষাপট ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আস্থাই একটি শক্তিশালী ও গতিশীল আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি। সাধারণ আমানতকারীরা বিশ্বাসের ওপর ভিত্তি করে ব্যাংকে সঞ্চয় রাখেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে জাতীয় সম্পদের সুরক্ষা প্রত্যাশা করেন।
এই আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব শুধু আর্থিক বাজারে সীমাবদ্ধ থাকে না; বরং প্রতিটি পরিবার, ব্যবসা-বাণিজ্য এবং জাতীয় স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি বলেন, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং মানসম্মত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদার করা জরুরি।
এসএমই খাতে সহজ ঋণের সুযোগ তৈরির তাগিদ
কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ব্যাংকঋণ পাওয়ার সুযোগ তৈরির আহ্বান জানান। এ লক্ষ্যে সহজীকৃত কমপ্লায়েন্স নীতিমালা, ডিজিটাল আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং সঠিক হিসাবরক্ষণ ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় অর্থনীতি ও জনগণের সম্পদ সুরক্ষা কেবল নিরীক্ষকদের একার দায়িত্ব নয়। হিসাবরক্ষক, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় প্রশাসক, প্রকল্প প্রকৌশলী এবং নীতিনির্ধারক—সবারই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাবের বিরুদ্ধে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে প্রথম প্রতিরক্ষা হিসেবে গড়ে তুলতে হবে।
নিরীক্ষকদের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ
নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, যেকোনো নিরীক্ষা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের পূর্ণ স্বাধীনতার ওপর। হিসাবরক্ষণ পেশাজীবীদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার পাশাপাশি যেকোনো ধরনের অযাচিত চাপ প্রতিহত করার নৈতিক সাহস থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাবরক্ষক, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ভয়ভীতি ও পক্ষপাতমুক্তভাবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দ্রুত ডিজিটালাইজেশন এবং বৈশ্বিক টেকসই মানদণ্ডের প্রভাবে হিসাবরক্ষণ ও আর্থিক পেশায় আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। অবৈধ অর্থপ্রবাহ রোধ, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া অর্থ বিভাগের সচিব, আইসিএবি ও সাফার সভাপতি, জ্যেষ্ঠ নীতিনির্ধারক এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের হিসাবরক্ষণ পেশাজীবী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।