
বরিশালের হিজলায় উপজেলা বিএনপি নেতা ও হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হরিনাথপুর বাজারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রফিক লাঠিয়ালের নির্দেশে স্থানীয় কিছু সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় যুবদল নেতা সুজন সরদার ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মুন্সি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হামলায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
উল্লেখ্য, গত বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চরছয়গাঁও গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার তিনজন আসামিকে আটক করেছে বলে জানা গেছে।
এদিকে, এ হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।