
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ সরঞ্জাম ও নির্মাণসামগ্রী অস্বাভাবিক দামে কেনাকাটার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের চার সদস্যের একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে। চুয়াডাঙ্গা টিটিসিতে অস্বাভাবিক দামে মালামাল কেনাকাটার অভিযোগ, সংবাদ প্রচারের পর দুদকের অভিযান অভিযানকালে দুদক কর্মকর্তারা টিটিসির বিভিন্ন নথিপত্র, কেনাকাটাসংক্রান্ত রেকর্ড ও আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি এসব নথি যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুছাবেরুজ্জামানের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। মালামাল সরবরাহকারীদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন তাঁরা। এর আগে গত শনিবার চুয়াডাঙ্গা টিটিসির বিভিন্ন মালামাল কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক দাম দেখানোর অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে বিভিন্ন পণ্য বাজারদরের তুলনায় দুই থেকে পাঁচ গুণ বেশি দামে কেনার অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি ইটের দাম দেখানো হয়েছে ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্টের দাম ১ হাজার ১৮০ টাকা, সাধারণ একটি সুইচের দাম ৭২ টাকা এবং প্রতি লিটার মবিলের দাম ১ হাজার টাকা। এ ছাড়া প্রতি তিন মাস অন্তর বিভিন্ন মালামাল অস্বাভাবিক দামে কেনাকাটার অভিযোগও উঠে আসে প্রতিবেদনে। দুদকের চার সদস্যের দলটির নেতৃত্ব দেন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ। তিনি জানান, এটি মূলত নথিপত্র ও রেকর্ডভিত্তিক অভিযান। প্রাথমিকভাবে বিভিন্ন রেকর্ড ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। সব তথ্য-উপাত্ত সংগ্রহের পর সেগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও জানান, যমুনা টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যও দুদকের অভিযানে আমলে নেওয়া হয়েছে। এদিকে, কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান ও নথিপত্র পর্যালোচনার পর প্রকৃত চিত্র উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সামনে আসতে পারে।