
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সন্ত্রাস, নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। তাঁরা ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন ও প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মো. মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা বেলাল হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম রাসুলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।