
বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাঁও গ্রামের একটি ইটভাটায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষের লোকজন আবদুল খালেক মাঝির ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।আহত খালেক মাঝির ভাই ও যুবদল নেতা ছাত্তার মাঝি অভিযোগ করে বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তির জমি একটি ইটভাটায় লিজ দেওয়া হয়েছে। কিন্তু এলাকার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি, আক্তার মাঝিসহ কয়েকজন ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ সময় তাঁর বড় ভাই বাধা দিলে তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।ঘটনার পর হামলাকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।খবর পেয়ে হিজলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।