
ফেনী প্রতিনিধি:
সাবেক যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) তাঁকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
‘আমার বাংলোতে চলে আসবা’—যে কথায় বিতর্ক
ছড়িয়ে পড়া প্রথম অডিওতে ওসি ফয়জুল আজীম নোমানকে ওই নারীকে নিজের সরকারি বাংলোতে আসার জন্য বারবার বলতে শোনা যায়। শুধু আসার আমন্ত্রণই নয়, কীভাবে সেখানে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে, কোথায় গাড়ি পরিবর্তন করতে হবে এবং যাতায়াতের ভাড়া কত হতে পারে, তা-ও বুঝিয়ে দেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
এ সময় ওই নারীকে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করার পরামর্শ দেন ওসি। তিনি বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিবো, অসুবিধা নাই।’ কথোপকথনের শেষ দিকে ওই নারী কখন রওনা হবেন, তা জানতে চেয়ে অপেক্ষা করার কথাও শোনা যায়।
দ্বিতীয় ফোনালাপে টাকা ও মামলা নিয়ে আলোচনা
ভাইরাল হওয়া দ্বিতীয় অডিওতে টাকা-পয়সার লেনদেন, মামলা, জামিন এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে কথা বলতে শোনা যায়। ওই নারী অভিযোগ করেন, তুহিন তাঁর কাছে টাকা দাবি করছেন এবং তাঁর বোনকে হুমকি-ধমকি দিচ্ছেন। একাধিকবার থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
ওই নারী কথোপকথনে দাবি করেন, একটি মামলায় জামিন পেতে তাঁকে দুই লাখ টাকা খরচ করতে হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের হয়রানি ও আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, ওসি ওই নারীর সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকা-পয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এরপর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখবা।’ একই সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর নিজেরও ক্ষতির আশঙ্কার কথা বলেন ওসি।
থানায় শ্লীলতাহানির অভিযোগ নারীর
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার প্রস্তাব দিয়েছিলেন। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ অস্বীকার করে যা বললেন ওসি
ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান কলরেকর্ডের কণ্ঠ তাঁর বলে স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, ওই নারীকে গ্রেপ্তারের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বনের অংশ হিসেবে এসব কথাবার্তা বলা হয়েছিল। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি। টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও অস্বীকার করেন ওসি।
তদন্তের কথা জানিয়েছে পুলিশ
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, ছড়িয়ে পড়া কলরেকর্ড পুলিশের নজরে এসেছে। অডিওর সত্যতা ও কথোপকথনের প্রেক্ষাপট যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম জানান, ওসি ফয়জুল আজীম নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্তসহ বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আগেও বিতর্কে জড়িয়েছিলেন ওসি
এর আগেও দাগনভূঞা থানার এই ওসিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও তিনি পুনরায় স্বপদে বহাল হন।
সাম্প্রতিক ফোনালাপ প্রকাশের পর ওসিকে প্রত্যাহারের ঘটনায় পুলিশ বিভাগের জবাবদিহি ও তদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।