
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দল, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, নির্যাতিত রাজনৈতিক সংগঠন এবং ভুক্তভোগী পরিবারের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার ও রাজনৈতিক নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের আওতায় আনা হবে। কোনো ঘটনা যাতে তদন্তের বাইরে না থাকে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের তথ্য ও অভিযোগ সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল, নির্যাতিত রাজনৈতিক সংগঠন, ভুক্তভোগী পরিবার, আহত ও নিহত ব্যক্তিদের স্বজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিতে পারবেন। এ কর্মসূচিতে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।তিনি আরও জানান, গণশুনানিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার বিষয়ে আগে মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট নথিপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।গণশুনানি কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথাও জানান চিফ প্রসিকিউটর। ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য গুম, বলপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার নির্যাতনের শিকার হলেও ভয়ভীতি কিংবা নানা কারণে মামলা করতে পারেনি। এসব ঘটনা চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য।এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাটি অন্যায়ের মধ্যে পড়ে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ওই সময় ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন, অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী তাদের বিচারের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় তদন্ত দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।গণশুনানির আইনগত ভিত্তি সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। ফলে এ কর্মসূচির আইনগত ভিত্তি রয়েছে।সংশ্লিষ্টদের মতে, দেশজুড়ে গণশুনানির মাধ্যমে দীর্ঘদিনের গুম, খুন ও নির্যাতনের অভিযোগ সামনে আসার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য ও তথ্য-প্রমাণ সংগ্রহের সুযোগ তৈরি হবে।