
ছয় মাস ১২ দিনের দায়িত্ব শেষে জামালপুরে নতুন কর্মস্থলে যোগদান, কৃতজ্ঞতা প্রকাশ আলমডাঙ্গাবাসীর প্রতি
এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বিদায় নিচ্ছেন। ছয় মাস ১২ দিন দায়িত্ব পালনের পর শুক্রবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থল জামালপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের ১৪ মে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন শাহীনুর আক্তার। দায়িত্ব গ্রহণের পর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ছয় মাস ১১ দিন তিনি এ উপজেলায় কর্মরত ছিলেন। এ সময়ে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
বিদায়লগ্নে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও শাহীনুর আক্তার বলেন, আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আলমডাঙ্গার দুটি প্রেসক্লাবের সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছেন। সবার সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রতিটি কর্মস্থলেই কাজের মধ্য দিয়ে কিছু স্মৃতি তৈরি হয়, কিছু মানুষের ভালোবাসা অর্জিত হয়। সেই স্মৃতি ও মানুষের ভালোবাসা নিয়েই একসময় বিদায় নিতে হয়। আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন এবং বিভিন্ন কাজে পরামর্শ দিয়েছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
আলমডাঙ্গাবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে তাঁর কোনো কাজের মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকলে সেই সফলতার কৃতিত্ব আলমডাঙ্গাবাসীর। আর দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী। নতুন কর্মস্থল জামালপুরে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, নতুন কর্মস্থলেও যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান। বিশেষ করে আলমডাঙ্গার মানুষের কাছে তিনি তাঁর ও পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। নতুন কর্মস্থলে মানুষের কল্যাণে ভালোভাবে কাজ করতে পারাই তাঁর প্রত্যাশা। বিদায়লগ্নে আলমডাঙ্গার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউএনও শাহিনুর আক্তার বলেন, কর্মস্থল পরিবর্তন হলেও আলমডাঙ্গার মানুষের সঙ্গে তৈরি হওয়া আন্তরিক সম্পর্ক, ভালোবাসা ও স্মৃতিগুলো তাঁর কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুন কর্মস্থল জামালপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।