![]()
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এরশাদপুর একাডেমির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম। আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক শামীম। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের ১০ নভেম্বর করা অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করে। অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন—সাধারণ শিক্ষক সদস্য মোছা. লিমা খাতুন এবং অভিভাবক সদস্য মো. আমিরুল ইসলাম। শিক্ষা বোর্ডের অনুমোদনপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)-এর প্রবিধান ৬৪-এর উপপ্রবিধান (১) অনুযায়ী এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাস পর্যন্ত এ কমিটির অনুমোদন কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ১০-এর উপপ্রবিধান (১) অনুসরণ করতে বলা হয়েছে। কমিটি অনুমোদনের বিষয়টি অবগতির জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পত্রের অনুলিপি পাঠানো হয়েছে। অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে অনুমোদিত অ্যাডহক কমিটিতে পরিবর্তন আনার ক্ষমতা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।