
তুরস্কে প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাঁচ ক্রু সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বিমানবাহিনীর এএস-৫৩২ (AS-532) মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণের উদ্দেশ্যে এসকিশেহির থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ উদ্ধার করে।দুর্ঘটনাস্থলটি এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচাইর গ্রামের কাছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে হেলিকপ্টারের পাঁচজন ক্রুর মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের মালাতিয়া অঞ্চলে দেশটির সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ (S-70) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হন। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সামরিক বাহিনীতে উদ্বেগ তৈরি হয়েছে।