
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অন্যদিকে, একই এলাকায় তিনটি জাহাজে অজ্ঞাতনামা বস্তু বা প্রজেক্টাইলের আঘাতের খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা জানায়, অনুমোদিত নৌপথ ব্যবহার না করে চলাচল করায় কয়েকটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
ইরানের দাবি, জাহাজগুলো নির্ধারিত নৌপথ ও নিরাপত্তা নির্দেশনা অমান্য করে চলাচল করছিল। এ কারণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে পূর্বদিকে চলাচলের সময় তিনটি জাহাজ অজ্ঞাতনামা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে আঘাতের পরও জাহাজগুলো যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। সব নাবিক নিরাপদ রয়েছেন বলেও জানানো হয়েছে।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজগুলোর ক্ষয়ক্ষতি ও পরিবেশগত প্রভাবের বিষয়টি তখনো মূল্যায়ন করা হচ্ছিল। সংস্থাটি ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার বিষয় রয়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও জাহাজে হামলার ঘটনা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং নৌবাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।