![]()
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে অক্টোবর-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মো. মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গা থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি রাকিবুল ইসলাম। তাঁর নেতৃত্বে থানা পুলিশের তৎপরতা ও দায়িত্বশীল কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির পর ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আলমডাঙ্গা থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করায় আলমডাঙ্গার সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ওসি রাকিবুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।