
চুয়াডাঙ্গা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। দায়িত্ব গ্রহণের পর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বার্তায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে নতুন পথচলা শুরু করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। জেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি।তিনি আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে। মো. আলমগীর কবীর বলেন, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।
এ জন্য তিনি জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তুলতে চান। চুয়াডাঙ্গাবাসীর পাশে থেকে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।