
খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিববাটী সংলগ্ন শিবসা নদীর অববাহিকায় পুণ্যস্নান, পূজা-অর্চনা ও আলোচনা সভাসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। এ উপলক্ষে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে।
রাস মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উৎসবের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
রাস মন্দির কমিটির সাবেক সভাপতি সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, শিববাটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি মণ্ডল এবং সরল দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাশ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান, অমারেশ কুমার মণ্ডল, চিকিৎসক পূর্ণ চন্দ্র মণ্ডল, রাস মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা, মৃণাল কান্তি সানা, বিভূতি সানা, বিরাজ কুমার মণ্ডল, উদয় মণ্ডল, দীপক সরদার, বিদ্যুৎ মণ্ডল, বিকাশ সরদার, মো. রুস্তম সরদার ও শাহিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও হাজারো ভক্তবৃন্দ।
আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা স্মরণে প্রতিবছর এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই পাইকগাছা পৌরসভার বিভিন্ন মন্দিরসহ শিববাটি, কড়ুলিয়া, খড়িয়া, দেলুটি ও লতা-কাঠামারী এলাকায় অধিবাস, নামযজ্ঞ, প্রদীপ প্রজ্বালন এবং রাধা-কৃষ্ণের বিশেষ আরাধনা শুরু হয়।
মঙ্গলবার ভোরে জগতের মঙ্গল ও পাপমোচনের কামনায় শিবসা নদীতে পুণ্যস্নান করেন ভক্ত ও পুণ্যার্থীরা। উৎসব ঘিরে এলাকায় বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।