
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত, পেশাগত সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পুলিশ সদস্যদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করা হয়।চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল লিয়াকত আলীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।সভায় বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সব ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স), বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
শাকিল আহমেদ