
ফ্ল্যাট কেনার জন্য ১০ লাখ টাকা দিয়ে হয়রানি, নির্যাতন, মারধর, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের ও দুই সন্তানের নিরাপত্তা চেয়েছেন সালেহা বেগম তুলি (৩৫) নামের এক নারী। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের দুর্দশার কথা তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তুলি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বাগেরহাট সদর উপজেলার সদুল্লাপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নি এ কে মহাসড়ক সংলগ্ন একটি ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। ছোট কাপড় ও থ্রি-পিসের ব্যবসা করে সংসার চালান তিনি।
তিনি জানান, ২০২৫ সালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম হাওলাদার বাচ্চু, পিতা আব্দুল রশিদ হাওলাদারের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হতো। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের নভেম্বর মাসে আব্দুর রহিম তাঁর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে তুলির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে ওই বাসায় যাওয়ার পর তাঁকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তুলি। পরে খুলনা থানায় মামলা দায়ের করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি জিআর নং ৩৬, খুলনা থানার মামলা নং ১৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
তুলির অভিযোগ, মামলা দায়েরের পর তাঁর ওপর নির্যাতন ও হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। আব্দুর রহিম, তাঁর ছেলে, ছেলের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এতে তিনি আরও অসহায় ও নিরাপত্তাহীন হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে পুলিশের এক সদস্যের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেন তুলি। তাঁর দাবি, মহিউদ্দিন নামের ওই পুলিশ সদস্য তাঁকে থানায় নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখেন এবং সাদা কাগজে স্বাক্ষর নেন। এ ছাড়া বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব ও হয়রানি করার অভিযোগও করেন তিনি। ওই পুলিশ সদস্যের সহযোগিতায় আব্দুর রহিমকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তুলি।
তিনি আরও জানান, কয়েক মাস পর আব্দুর রহিমের ভাইয়ের ছেলে সাইফুল তাঁর সঙ্গে যোগাযোগ করে বিরোধ মীমাংসার আশ্বাস দেন। তাঁর কথায় বিশ্বাস করে এক রাতে সাইফুলের বাসায় গেলে সেখানে সারারাত তাঁকে নির্যাতন করা হয় এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। সকালে তাঁর চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সোনাডাঙ্গা থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে। সাইফুল কারাগারে যাওয়ার পর তাঁর বাবা বাবুল মাস্টারও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
নিজের পারিবারিক জীবনের নানা জটিলতার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তুলি। তিনি জানান, তাঁর স্বামী বাইনিক হোসেন বাবুল একজন পুলিশ সদস্য। দাম্পত্য বিরোধের কারণে তাঁদের একবার বিবাহবিচ্ছেদ হলেও পরবর্তীতে পুনরায় বিয়ে হয়। তবে স্বামীর চাকরিতে পুনরায় যোগদানের পর তাঁর আচরণে পরিবর্তন আসে বলে অভিযোগ করেন তুলি।
তাঁর দাবি, স্বামী বিভিন্ন সময় আপত্তিকর ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। এ ছাড়া আব্দুর রহিম, বাবুল মাস্টার, মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে তাঁর ক্ষতি করার চেষ্টা করছেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তুলি।
সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তুলি বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না, কারও প্রতি অন্যায় হোক সেটাও চাই না। আমি শুধু আমার নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার চাই। আমার সন্তানদের নিয়ে নিরাপদে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাই।”
তিনি তাঁর দায়ের করা মামলা ও লিখিত অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাঁর ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।
সালেহা বেগম তুলি বলেন, একজন অসহায় নারী হিসেবে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তার আশায় সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছেন। তাঁর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তিনি সন্তানদের নিয়ে নিরাপদে জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের মাধ্যমে তাঁর আকুতি ও ন্যায়বিচারের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।