
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় চট্টগ্রাম মহানগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিপালনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা এবং সুপ্ত প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যে পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রয়েছে, সেই পরিবার কী ধরনের পরিবেশ ও প্রতিকূলতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে তা আমরা জানি। তবে আমাদের মাথায় রাখতে হবে, এই সন্তানদের একটি দিকে কিছুটা ঘাটতি থাকতে পারে, কিন্তু অন্য অনেক দিকেই তাদের অসাধারণ মেধা রয়েছে। তিনি এ যাবতকালের অন্যতম সর্বাধিক বিক্রিত বই ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর রচয়িতা বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ টেনে বলেন, শারীরিক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা জয় করে তাঁরা নিজ নিজ ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্বসেরা হয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, সুপ্ত প্রতিভা জাগ্রত করতে পারলে প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিজ নিজ ক্ষেত্রে জ্বলে উঠতে পারে। এ লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের ওই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকেই ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ম্যাজিস্ট্রেট হতে হবে এমন নয়; বরং এই শিশুদের কোন ক্ষেত্রে প্রকৃত মেধা বা আগ্রহ রয়েছে তা খুঁজে বের করে সেই পথে পরিচালিত করতে হবে। আমরা চাই না আমাদের এই শিশুরা পরিবার বা সমাজের বোঝা হোক, বরং সঠিক পরিচর্যার মাধ্যমে তারা দেশের সম্পদে পরিণত হবে এবং বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।”
শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন, কেবল দৈনন্দিন চাহিদা পূরণই নয়, বরং কোন শিশুর কোন খেলায় বা বিষয়ে বেশি মেধা ও আগ্রহ রয়েছে, তা অভিভাবকদের সাথে পরামর্শ করে খুঁজে বের করা এবং সেই পথে পরিচালিত করার মধ্যেই আয়োজনের প্রকৃত সার্থকতা নিহিত। সময়ের পরিবর্তনে এই শিশুরা স্ব স্ব ক্ষেত্রে জ্বলে উঠে স্বাভাবিক সুন্দর জীবনযাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এমন চমৎকার আয়োজনের জন্য সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আমাদের প্রতিটি সন্তান আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি সন্তানকে নিয়েই আমরা স্বপ্ন দেখি এবং তাদেরকে সাথে নিয়েই দেশকে গড়ে তুলতে ও এগিয়ে নিতে চাই।”
এবারের প্রতিযোগিতায় নগরীর অটিজম শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ ও ‘প্রেরণা’র শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীরা একক সংগীত, একক ও দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।