
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আলীম (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলীম ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আব্দুল আলীম একই এলাকার বাসিন্দা হওয়ায় আগে থেকেই তার পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির বাইরে থেকে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আব্দুল আলীমের সঙ্গে ওই কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুজনকে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর প্রায় ১০ দিন আগে ওই কিশোরী আবারও বাড়ি ছেড়ে আব্দুল আলীমের বাড়িতে চলে যায় এবং সেখানে অবস্থান করছিল বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কিশোরীর বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে গত ২২ নভেম্বর রাতে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় মামলা দায়ের করেন। থানায় মামলাটি ২৪ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল আলীমকে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।