
টানা তিন দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নেত্রকোণায় আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় পাকা ধান জমিতে হেলে পড়েছে। অন্যদিকে, কেটে রাখা ভেজা ধান শুকাতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠের কাজ বন্ধ থাকায় আয় হারিয়ে লোকসানের মুখে পড়েছেন কৃষিশ্রমিক ও কম্বাইন হারভেস্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্রের চালকরাও। তবে কৃষি বিভাগের দাবি, আবহাওয়ার উন্নতি হওয়ায় ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে নেত্রকোণায় আমনের ভালো ফলন হয়েছে। তবে গত তিন দিনের টানা বৃষ্টিতে মাঠের স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান কাটা সম্ভব হতো, সেখানে জলাবদ্ধতা ও কাদার কারণে অনেক জমিতে নামাই যাচ্ছে না। বৃষ্টিতে ধানগাছ নুয়ে ও হেলে পড়ায় কাটা ও মাড়াইয়ের কাজ আরও জটিল হয়ে উঠেছে।
কৃষকদের ভাষ্য, ভালো ফলন হলেও বৈরী আবহাওয়ার কারণে বাধ্য হয়ে ধান কাটা বন্ধ রাখতে হয়েছে। ইতোমধ্যে কেটে রাখা ধান পর্যাপ্ত রোদের অভাবে শুকানো যাচ্ছে না। ফলে ভেজা ধান ঘরের ভেতর জমিয়ে রাখতে হচ্ছে। এতে ধান পচে যাওয়া, তাপ জমে কালচে হয়ে যাওয়া কিংবা অঙ্কুরোদ্গমের ঝুঁকি তৈরি হয়েছে। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলে জমির পানি ও কাদা শুকানোর পর আবার ধান কাটা শুরু করবেন বলে জানিয়েছেন কৃষকরা।
এদিকে, ভেজা ও কাঁচা ধান নিয়ে স্থানীয় হাটবাজারে গিয়েও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। পাইকার ও ব্যবসায়ীরা অতিরিক্ত আর্দ্রতার কারণে ধান কিনতে অনীহা দেখাচ্ছেন। মান নষ্ট হওয়ার অজুহাতে ভালো ফলন সত্ত্বেও প্রতি মণ ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। তাঁদের দাবি, বীজ, সার, সেচ, শ্রমিক ও কৃষিযন্ত্রের ভাড়াসহ উৎপাদন খরচ বিবেচনায় এ দামে ধান বিক্রি করে খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে।
ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষিযন্ত্রের চালকরাও। এক কম্বাইন হারভেস্টার চালক জানান, টানা বৃষ্টিতে জমি নরম ও কাদাময় হয়ে পড়ায় ভারী যন্ত্র মাঠে নামানো বা নিরাপদে চালানো সম্ভব হচ্ছে না। গত তিন দিন ধরে যন্ত্র বসিয়ে রাখতে হয়েছে। এতে একদিকে যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও কিস্তির চাপ বাড়ছে, অন্যদিকে আয়ও বন্ধ রয়েছে। আরেক শ্রমিক ও চালক জানান, ধান কাটা ও শুকানোর কাজ বন্ধ থাকায় কৃষকরা মাঠে যাচ্ছেন না। ফলে দিনমজুর ও কৃষিযন্ত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে।
কৃষকদের শঙ্কার বিপরীতে তুলনামূলক আশার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। নেত্রকোণা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন জানান, বর্তমানে মাঠে কর্তন পর্যায়ে থাকা জমির পরিমাণ তুলনামূলক কম। কয়েক দিনের বৃষ্টিতে ধান কাটার কাজ এক-দুই দিন পিছিয়ে গেলেও রোদ ও স্বাভাবিক আবহাওয়া ফিরে আসায় দ্রুত বাকি ধান কাটা ও মাড়াই সম্পন্ন করা সম্ভব হবে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নেত্রকোণায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৫ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় ১ লাখ ৩৬ হাজার ২৭০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। কৃষি বিভাগের আশা, আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে মাঠের কাজের গতি ফিরবে এবং দ্রুত ধান কাটা ও মাড়াই শেষ করা সম্ভব হবে।