
এসএমই খাত শক্তিশালী করে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য
বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও আন্তর্জাতিক রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের অন্যতম লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে শক্তিশালী করার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি এবং দেশের উৎপাদন সক্ষমতা বাড়ানো।
এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় সরকার।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।