
তিন শতাধিক কৃষকের অংশগ্রহণ, মাটির উর্বরতা রক্ষা ও সুষম সার ব্যবহারে গুরুত্বারোপ
মাটির স্বাস্থ্য সুরক্ষা, উর্বরতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে লুমিনাস গ্রুপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের পরিচালক আর এম রাসেল। তিনি মাটির ক্ষয়, রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদনশীলতা ধরে রাখার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষা, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, সুষম সার প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কৃষকেরা মাঠপর্যায়ে চাষাবাদের অভিজ্ঞতা, মাটির গুণগত মান ও ফসলের ফলনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশিক্ষক তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন ও শামসুজ্জামান, মার্কেটিং ম্যানেজার বিপিন চন্দ্র বর্মন এবং স্থানীয় প্রতিনিধি ইশরাত জাহান ইলাসহ অন্যরা।
আয়োজকেরা জানান, প্রান্তিক ও সাধারণ কৃষকদের আধুনিক ও টেকসই কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সেমিনারে অংশ নেওয়া কৃষক কবির হোসেন বলেন, “অতিরিক্ত সারে খরচ বাড়ছে, নষ্ট হচ্ছে মাটির গুণ। সুষম সার ও পরিবেশবান্ধব চাষের সমাধান পেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন ভরসা পেলাম।”
আরেক কৃষক আমজাদ মিয়া বলেন, “আন্দাজমতো রাসায়নিক সার দেওয়ায় মাটি শক্ত ও অনুর্বর হয়ে যাচ্ছিল। মাটি পরীক্ষা করে জৈব সার বাড়ানোর যে পরামর্শ পেয়েছি, তা মেনে চললে মাটি ও ফসল দুটোই রক্ষা পাবে।”