
শীতের আগমনে সুদূর সাইবেরিয়া, রাশিয়া, চীন, মঙ্গোলিয়াসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। খাল-বিল ও জলাশয়ে আশ্রয় নেওয়া এসব অতিথি পাখির জন্য এখন আতঙ্কের নাম শিকারিদের পাতা ফাঁদ। বাগেরহাটের বিভিন্ন বিলে জাল ও নানা কৌশলে চলছে পাখি শিকার। এমনকি রাতে সাউন্ড বক্সে কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে অন্য পাখিদের আকৃষ্ট করে ফাঁদে ফেলা হচ্ছে। পরে শিকার করা পাখি গোপনে বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন হাট-বাজারে।সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানাযায়, বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন বিলে সংঘবদ্ধভাবে পাখি শিকার করা হচ্ছে। মায়ারখালি, কেন্দ্রের বিল, খরিয়া বিল, কোদালে বিল, সোনাখালী, রুয়েরকুল, কালশিরা, বারাশিয়া ও সাবোখালীসহ বিভিন্ন এলাকায় শিকারিরা ফাঁদ পেতে রেখেছেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে, সেই সুযোগে শিকারের পরিমাণও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।অনুসন্ধানে দেখা গেছে, গভীর রাতে বিলের মধ্যে সাউন্ড বক্সে বিভিন্ন প্রজাতির পাখির ডাক বাজানো হয়। কৃত্রিম সেই ডাকে আকৃষ্ট হয়ে জলাশয়ে নামার পর পাখিগুলো আটকা পড়ে জাল ও অন্যান্য ফাঁদে। শিকারিদের একটি অংশ প্রতিদিন কয়েকটি থেকে শুরু করে কয়েক ডজন পাখি শিকার করছে। স্থানীয়দের দাবি, তিন উপজেলার বিভিন্ন বিল থেকে প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার পাখি শিকার করা হচ্ছে।শুধু শিকার নয়, এসব পাখি বিক্রির জন্য রয়েছে একাধিক বাজার। ফকিরহাটের ফলতিতা বাজারসহ পাগল মার্কেট, কোদালিয়া, মোল্লারকুল, সরসপুর, চুনখোলা, চান্দেরহাট ও কামারগ্রামসহ বিভিন্ন স্থানে গোপনে পাখি বিক্রির অভিযোগ রয়েছে।অনুসন্ধানের অংশ হিসেবে ক্রেতা সেজে ফকিরহাটের ফলতিতা বাজারে গেলে পাখি বিক্রেতাদের ক্যামেরার সামনে আসতে অনীহা দেখা যায়। ভিডিও ধারণে বাধা দিয়ে নিজেদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করেন তাঁরা। বাজারের এক পাশে পুলিশের উপস্থিতি থাকলেও অন্য পাশে পুলিশের নজর এড়িয়ে চলছিল পাখি বিক্রির চেষ্টা। এক বিক্রেতা চারটি হাঁসজাতীয় পাখির দাম চান তিন হাজার ৫০০ টাকা। ক্যামেরার উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে স্থান ত্যাগ করেন তিনি।একাধিক স্থানীয়দের অভিযোগ, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এবং সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে প্রতিনিয়ত অতিথি পাখি শিকার করা হচ্ছে। অবাধে এ শিকার চলতে থাকলে একসময় এসব এলাকা পরিযায়ী পাখিশূন্য হয়ে পড়তে পারে। তবে শিকারিদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।এ বিষয়ে ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান বলেন, গণমাধ্যমের মাধ্যমে অতিথি পাখি শিকারের বিষয়টি জানতে পেরেছেন তাঁরা। যেসব স্থানে পাখি শিকার ও বিক্রি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাগেরহাটের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, পাখি শিকারের অভিযোগ থাকা তিন উপজেলায় তাঁদের মাত্র তিনজন কর্মী দায়িত্ব পালন করছেন। ফলে নিয়মিত নজরদারি করা কঠিন হচ্ছে। তবে বিষয়টি তাঁরা অনুসরণ করছেন। জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে পাখি শিকারের বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, শীতের অতিথি পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে শুধু অভিযান নয়, নিয়মিত নজরদারি ও জনসচেতনতাও জরুরি।