
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) আলমডাঙ্গা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।প্রথম অভিযানে রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের মোনাকষা পার্কের সামনে পাকা রাস্তা থেকে দুই পিস ইয়াবাসহ মো. সাগর আলী (২৭) ও মাসুদ পারভেজ ওরফে পিয়াসকে (৩৮) গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, রাত ১০টা ১৫ মিনিটের দিকে কালিদাসপুর রেলগেট সংলগ্ন চক্ষু হাসপাতাল মোড়ের পাকা রাস্তা থেকে আট পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. শহিদুর রহমান সেন্টু (৫৫), মো. রাসেল আহম্মেদ (৩৬) ও মো. মির্জা হাবিব (৩২)।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৬২ ও ১৬৩) করা হয়েছে। পরে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।