
বিবাহ নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করাসহ পাঠ্যবইয়ে পৃথক অধ্যায় অন্তর্ভুক্তির প্রস্তাব
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোছা. তাহসিনা রুশদীর, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউএনএফপিএর সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত এ সাব কমিটির বৈঠকে অংশ নেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, মো. রফিকুল ইসলাম খান ও কাজী রফিকুল ইসলাম।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরে মাতৃত্ব নিরুৎসাহিত করা, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিবাহ নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের ব্যবস্থা করা, পাঠ্যবইয়ে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে নারীর প্রতি পুরুষদের সহনশীল ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সেমিনার আয়োজন, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, কথিত কোর্ট ম্যারেজের নামে অনিয়ম বন্ধ এবং আইনসম্মত নিবন্ধন ছাড়া বিয়ে প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া যেসব জেলায় বাল্যবিবাহের হার সর্বোচ্চ ও সর্বনিম্ন, সেসব জেলার পরিস্থিতি ও এর পেছনের কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম (লিগ্যাল এইড) বেশ সক্রিয় রয়েছে। নির্যাতনের শিকার নারীরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নিয়ে দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।