
বেগমপুর বাজারে বেকারিতে শিল্প লবণ ও অননুমোদিত রঙের ব্যবহার, বাসি খাবার সংরক্ষণের প্রমাণচুয়াডাঙ্গার বেগমপুর বাজারে নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।অভিযান সূত্রে জানা যায়, বাজারের একটি বেকারিতে শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধে মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া বাসি ও পচা খাবার সংরক্ষণ করে রান্না করার দায়ে জসিম হোটেলকে পাঁচ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মেসার্স জিহাদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকে জরিমানার সম্পূর্ণ ৬০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানটি পরিচালনা করেন। এ সময় বাজারের ফল, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, যৌক্তিক দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য কিংবা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।